ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেত বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু ২-১ এ সিরিজিটি হারায় সেই সুযোগ হাতছাড়া হয়ে যায় টাইগ্রেসদের। এরপরই মুখোমুখি হয় টি-টোয়েন্টি সিরিজে। সেখানে পরাজয় দিয়েই শুরু হয় নিগার সুলতানাদের।
২৮ জানুয়ারি (মঙ্গলবার) সেন্ট কিটসে বাংলাদেশ সময় ভোররাতে শুরু হওয়া প্রথম ম্যাচটিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নারী ক্রিকেট দল।
একই দিন মালয়েশিয়া কুয়ালালামপুরে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় জুনিয়র টাইগ্রেসরা। আর এখানেই তারা যেন সিনিয়রদের প্রতিশোধটা নিয়ে নিলো। ম্যাচটিতে ১০ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
মঙ্গলবার সকালে সুপার সিক্সের ম্যাচটি বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসলে ওয়েস্ট ইন্ডিজের তোলা ৫৪ রান বাংলাদেশের মেয়েরা টপকে গেছে ৮.৫ ওভার। যদিও এই জয়ে খুব একটা লাভ হয়নি জুনিয়র টাইগ্রেসদের।
কারণ সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতে কাছে হেরে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা। এরপরও এই জয়টি নিঃসন্দেহে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আর টুর্নামেন্টে বাংলাদেশ খারাপও করেনি। সব মিলিয়ে ৫ ম্যাচ খেলে জিতেছে ৩টিতে। এর আগে হারিয়েছে নেপাল ও স্কটল্যান্ডকে।
এদিন টসে জিতে ফিল্ডিং নেয়া বাংলাদেশের মূল কাজটা করেছেন বোলাররাই। নিশিতা আক্তার ৩ ওভারে ১১ রানে উইকেট নিয়েছেন ৩টি, আনিসা আক্তার ১৩ রানে নিয়েছেন ২টি। ওয়েস্ট ইন্ডিজেরও কেউ বড় রান করতে পারেননি। সর্বোচ্চ ১৬ রান এসেছে অমৃতা রামতাহালের ব্যাট থেকে।
বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানের খুব বেশি ভালো করতে পারেননি। তবে আজ ৫৫ রানের লক্ষ্য পেয়ে জ্বলে ওঠেন দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস। ১৪ রানে অপরাজিত ছিলেন ছোঁয়া, ২৫ রানে জুয়াইরিয়া ।







