জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ। রোববার দুপুরে লাঠিপেটার পাশাপাশি তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এরআগে জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি’।
পুলিশের লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা একদম ভালো কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জায়ায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এদিকে পুলিশি হামলার সমালোচনা করেছেন আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এনিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
এই ইসলামিক বক্তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো–
‘ভাত দেবার মুরোদ নেই, কিল দেবার গোসাই– স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে বিগত ৪০ বছর ধরে। সিলেবাস, কারিকুলাম, নীতিমালা– সরকার সবই চাপিয়ে দিচ্ছে। কিন্তু ন্যূনতম জীবন ধারণের মতো বেতনটুকুও দিচ্ছে না।
সম্মানীয় শিক্ষকরা যখন অভাব-অনটনের কাছে হার মানেন, একান্ত মানবিক ও যৌক্তিক দাবি আদায়ের জন্যও রাস্তায় নামতে বাধ্য হন– এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার।
সরকারের উচিত, এই শিক্ষকদের প্রতি সুবিচার করা, জাতির ৪০ বছরের ভুল শুধরে নেয়া। আশা করি, সরকার সুবেবচনার পরিচয় দেবে।’








