প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আগামী ১৫ ডিসেম্বর থেকে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার (১১ ডিসেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও পোস্টে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, গতকাল পররাষ্ট্রমন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছে। সেখানে আমি, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ছিলেন। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
উপদেষ্টা বলেন, প্রবাসীদের এমআরপি পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি। এই ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাওয়া শুরু করবেন এবং পরবর্তী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা এমআরপির আবেদন করেছেন তারা পেয়ে যাবেন।
তিনি বলেন, প্রথম প্রায়োরিটি দেয়া হচ্ছে সৌদি আরব ও মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের। এরপর যেসব দেশে ডিমান্ড বেশি তাদেরকে প্রায়োরিটি দিয়ে এই সমস্যা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে।
ই-পাসপোর্ট বিষয়ে তিনি বলেন, এক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা করার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে দরকার হলে এখান থেকে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেয়ার জন্য। সেগুলো পরে বিস্তারিত জানানো হবে।








