বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঢাকাসহ সব বিভাগীয় শহরে আজ শোভাযাত্রা করছে বিএনপি। ঢাকায় শোভাযাত্রা উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এরইমধ্যে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
কিছুক্ষণ পর শোভাযাত্রা উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিক মিয়া এভিনিউয়ে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য রাখার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
এদিন, ঢাকায় শোভাযাত্রার মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দেয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি’র নীতি নির্ধারকরা। নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের প্রস্তুতির কথা জানান তৃণমূলের নেতাকর্মীরা।
শোভাযাত্রায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতায় বিলম্ব না করে দ্রুত নির্বাচনে যাওয়া উচিৎ অন্তর্বর্তী সরকারের।
দুপুর আড়াইটায় উদ্বোধনের পর শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে কাকরাইল মোড়, মৎস্য ভবন, শাহবাগ মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর, কাওরান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে।








