২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের ওপর আরও বোঝা চাপাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন– ‘প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের ওপর আরও বোঝা চাপাবে। এই বাজেট লুট করার জন্য।’
তিনি আরও বলেন–‘বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। ব্যাংক ও বিদেশিদের ওপর ঋণ আরও বাড়বে। শুধু তাই নয়, বাজেটের সঙ্গে সবকিছুর দাম আরও বাড়বে।’
মেগা দুর্নীতির জন্য সরকার এই বাজেট দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন –‘পুরো বাজেট বাংলাদেশ বিরোধী বাজেট। এখানে জনগণের জন্য কিছু নেই। নতুন করে কর্মসংস্থানের সুযোগও নেই।’
এর আগে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।








