সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার মো. লুৎফুর রহমান নামের ৬৫ বছর বয়সী এক হজযাত্রী মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-এ ১২৯৬৯৪০৮। এ নিয়ে এ পর্যন্ত মোট তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।
আজ বুধবার রাত আড়াইটার দিকে হজ পোর্টালে আইটি থেকে এ তথ্য জানা যায়।
এর আগে গত ১৫ই মে চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি একজন হজযাত্রী মারা যান। ওইদিন মো. আসাদুজ্জামান মদিনায় মৃত্যুবরণ করেন। এরপর শনিবার (১৮ই মে) মো. মোস্তফা নামের ৮৯ বছর বয়সী একজন হজযাত্রী মক্কায় মারা যান। হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে এখন পর্যন্ত ৮৪ হাজার ২৪ জন হজযাত্রীর ভিসা হয়েছে। হজ ফ্লাইট শুরু হওয়ার পর গতরাত আড়াইটা পর্যন্ত ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩০ হাজার ৯৯৪ জন।








