পূর্ব উরুগুয়ের ট্রিইন্টা ওয়াই ট্রেস শহরের একটি নার্সিং হোমে আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছে। রবিবার (৭ জুলাই) সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে ন্যাশনাল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে।
একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নিহতের মধ্যে আটজন নারী ও দুজন পুরুষ। স্থানীয় সময় সকাল ৬টার দিকে ট্রিইন্টা ওয়াই ট্রেস শহরের কেন্দ্রস্থলে ‘আদুলতো মেয়র’ আবাসিক কমপ্লেক্সে ঘটনাটি ঘটেছে।
ট্রিইন্টা ওয়াই ট্রেসের সরকার সমাজমাধ্যম ফেসবুকের একটি পোস্টে এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে। তবে পোস্টে আগুন লাগার কারণ বা এ ঘটনায় অন্য কেউ হতাহত হয়েছে কি না উল্লেখ করা হয়নি।
মন্টেভিডিও ক্যাজুয়ালটি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের দমকল বাহিনী ও বিশেষজ্ঞদের সহায়তা করা এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছে।
রাজধানী মন্টেভিডিও থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত শহরটিতে প্রায় ২৫ হাজার মানুষের বাস।
গত সপ্তাহ থেকে দেশটিতে শৈত্যপ্রবাহ চলছে। এখানে ভোরে তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর দিনের বেলা এ তাপমাত্রা সর্বোচ্চ ১০ ডিগ্রি পর্যন্ত থাকে। এর ওপরে যায় না।
সূত্র : সিনহুয়া, রয়টার্স








