ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে পশুর বর্জ্য দ্রুত অপসারণের কাজ সরাসরি তদারকি করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।
ঈদের দিন দুপুরের পর থেকেই ঢাকার দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হওয়া পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখতে তিনি রাজধানীর বেশ কয়েকটি স্পট ঘুরে দেখেন। এ সময় সরকারপ্রধানের সাথে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের কাজের খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ঢাকাকে বর্জ্যমুক্ত করার তাগিদ দেন।
একই সাথে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং শহর পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকেও সহযোগিতা করার আহ্বান জানান।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, কোরবানির বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করতে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। যত্রতত্র বর্জ্য না ফেলে তা নির্ধারিত স্থানে ব্যাগে ভরে রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে কাজ চলছে।
দ্রুততম সময়ের মধ্যে ঢাকাকে পরিচ্ছন্ন ও নান্দনিক রূপে ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।








