মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনার জবাব দিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, গির্জার মূল লক্ষ্য রাজনীতি নয়, বরং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।
আলজেরিয়া সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ বলেন, তারা নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে দেখেন, কোনো রাজনৈতিক পক্ষ হিসেবে নয়। একই সঙ্গে তিনি জানান, ট্রাম্প প্রশাসনের সমালোচনায় তিনি বিচলিত নন এবং সুসমাচারের বাণী প্রচার চালিয়ে যাবেন।
পোপ আরও বলেন, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি ট্রাম্পের সঙ্গে এক নয়। তিনি জোর দিয়ে বলেন, একজন ধর্মীয় নেতা হিসেবে তিনি শান্তি ও মানবিকতার বার্তাকেই প্রাধান্য দেন।
ক্যাথলিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোপের এসব মন্তব্য তুলে ধরা হয়েছে।
এর আগে রোববার এক পোস্টে ট্রাম্প পোপের সমালোচনা করে তাকে অপরাধ দমন ও পররাষ্ট্রনীতি নিয়ে দুর্বল অবস্থানের অভিযোগ তোলেন।








