ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে পালাতে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামে একজনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) নদীয়া জেলার শান্তিপুরসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশ আনুষ্ঠানিকভাবে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনকে জানিয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ, তিনি ফয়সাল করিম ও আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে গ্রেপ্তার এড়াতেই পরে ফিলিপ সাংমাও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। বর্তমানে তাকে আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত ৭ মার্চ রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে এসটিএফ জানায়।








