দুই বছর আগে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারতের কাছে ৩১ রানে হেরেছিল বাংলাদেশ। সে আসরে প্রথমবার অংশ নিয়েই রানার্স আপ হয়েছিল বাংলার মেয়েরা।
দুই বছর পর ফাহিমা খাতুনের নেতৃত্বে ভারত ‘এ’ দলের বিপক্ষে আবারও স্বপ্নের ফাইনাল। বাংলাদেশ ‘এ’ দল কী পারবে ফাইনালে হারের প্রতিশোধ নিতে? পারবে কী চ্যাম্পিয়ন হতে?
ফাহিমার নেতৃত্বে এবারের টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনাল খেলেছে। গ্রুপ পর্বে হারিয়েছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড আর মালয়েশিয়াকে।
এরপর সেমিফাইনালেও পাকিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ১১০ রান করেও জিতেছে ৫৪ রানের বড় ব্যবধানে। এই নিয়ে আসরে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে বাংলার মেয়েরা।
আগামী জুনে ইংল্যান্ডে হবে টি-২০ বিশ্বকাপ। বাছাইপর্ব টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। তার আগে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে ফাহিমা খাতুনের দল।








