সরাসরি বিএনপি চেয়ারম্যানের নাম উল্লেখ করে ঢাকা-৮ আসনের শাপলা কলির প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। রয়েল বেঙ্গল টাইগার যদি বলেন তাহলে ইনকিলাব মঞ্চের ভাইয়েরা। তাদের সাথে থাকবেন, যদি আর হামলা করতে আসেন, এই রয়েল বেঙ্গল টাইগারদের উপরে যদি হামলা হয় বাংলাদেশের মানুষ কিন্তু বসে থাকবে না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, তারেক রহমানকে ভয় পাবেন না।
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত জুলাই ঐক্যের ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচিতে এসব কথা বলেছেন জামায়াত জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, যেই নির্বাচনের জন্য, তারেক রহমানকে নিয়ে আসার জন্য, বিএনপিকে নিয়ে আসার জন্য এত আয়োজন সেটা তো আসলে কোনো গণতান্ত্রিক ইলেকশন হলো না। ইলেকশনের নামে তারেক রহমানকে নিয়ে নির্বাচন কমিশন কর্তৃক একটি সিলেকশনের মধ্যে সরকার যাচ্ছে।
এসময় তিনি আরও বলেন, আপনারা মনে করছেন যে এক ওসমান হাদি চলে গিয়েছে আপনারা খুব আরামে থাকবেন? লাভ নাই , হাজার হাজার লাখ লাখ বাংলাদেশে ওসমান হাদি তৈরি হয়েছে । শুধু ঘুম নয়, আপনারা যদি জেগে থাকেন আপনাদের জাত তারা হারাম করে দিবে ।
এর আগে, শহিদ ওসমান হাদির খুনি ও চব্বিশের গণ-অভ্যুত্থানে জড়িত গণহত্যাকারীদের ভারতে আশ্রয় প্রদান, আইসিসিসহ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের একচ্ছত্র আধিপত্য, গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে ভারতের হস্তক্ষেপ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি পালন করে জুলাই ঐক্য।








