জেদ্দায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়।
রোববার (১১ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেদ্দায় ওআইসির সিএফএমের জরুরি অধিবেশনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয়পক্ষ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন।
দুই কূটনীতিক বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে উচ্চ পর্যায়ে সফর বিনিময়, বাণিজ্য এবং শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়েও আলোচনা করেন তারা।
এর আগে গত ৭ জানুয়ারি রাতে টেলিফোনে কথা বলেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। তারও আগে গত ৪ জানুয়ারি টেলিফোনে কথা হয় দুজনের। সে সময় চীন থেকে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টাকে টেলিফোন করেন ইসহাক দার।








