ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটি।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর তারা অবরোধ করে।
এর আগে, শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।
তার হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি এসে শাহবাগ মোড় অবরোধ করে। এতে ওই এলাকায় যান চলাচল থমকে থাকে।
এ সময় ‘তুমি কে, আমি কে? হাদি-হাদি’; ‘আমরা সবাই হাদি হবো’; ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’সহ বিভিন্ন স্লোগান দেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।
অবরোধ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধে থাকবেন। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানান তিনি।








