ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সম্পর্কে অশোভন মন্তব্য করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন এক যুবদল নেতা।
আজ সোমবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী এই আন্দোলনে নেতৃত্বদানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
আসামির বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত হয়। আসামির দেওয়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের মাধ্যমে বিএনপি ও রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তার এমন বক্তব্যের মাধ্যমে বিএনপিসহ যুব সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিষয়টি মানহানিকর বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানায় যুবদল। নয়ন দাবি করেন, তার বিরুদ্ধে কেউ এক টাকার চাঁদা আদায়ের প্রমাণ দিতে পারলে তিনি যেকোনো সাজা মাথা পেতে মেনে নেবেন।








