টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের রোমাঞ্চকর ম্যাচে আজ মুখোমুখি হবে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। এই ম্যাচে জিতলেই সুপার এইট পর্বে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ভারতের জন্য। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার মন্ত্রে উজ্জিবিত হয়ে মাঠে নামতে চায় টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হওয়া পাকিস্তানের জন্য এই ম্যাচটি অনেকটাই বাঁচা মরার। সুপার এইটে খেলা নিশ্চিত করার আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
বিশ্বের যে প্রান্তেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হয় সেটা নিয়ে বাড়তি উত্তেজনা কাজ করে দু’দলের খেলোয়াড় এবং সমর্থকদের মাঝে। এবার এশিয়ার এই দুই ক্রিকেট পরাশক্তি মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রে। নাসাউ ক্রিকেট স্টেডিয়াম এবারের বিশ্বকাপের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। টি- টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের যে রানের ফোয়ারা দেখা যায় এবার সেটা হচ্ছে না নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে।
আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট দল। টি- টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া ভারত এবার সতর্কতার সাথে খেলতে চায়। প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা রণ কৌশল সাজাচ্ছেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। নাসাউ ক্রিকেট মাঠে এবারের টি- টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রস্তুতিসহ মূল পর্বের ম্যাচ খেলেছে। তাই এই মাঠ সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে রোহিত শর্মার দলের। তবে পিচ নিয়ে নয়, ২২ গজে নিজেদের সেরাটা খেলাই লক্ষ্য বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা
তিনি বলেন ভাল ক্রিকেট খেলাটাই গুরুত্বপূর্ণ। পিচ কিংবা প্রতিপক্ষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের লক্ষ্য মাঠে সেরাটা খেলা। চাপমুক্ত হয়ে ভালো খেলতে পারলে, যে কোন প্রতিপক্ষের বিপক্ষে যে কোন মাঠে জয় পাওয়া সম্ভব।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তান ক্রিকেট দলের। দুর্বল যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হওয়ায় পাকিস্তানের খেলোয়াড়দের মনোবল অনেকটাই কমে গেছে। আসরে টিকে থাকতে ভারতের বিপক্ষে এই ম্যাচটি পাকিস্তানের জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচা মরার লড়াই। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে নতুন উদ্যামে এই ম্যাচে শুরু করতে চায় পাকিস্তান।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন এই ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবারের আসরে আমাদের ভবিষ্যত কি হবে সেটা এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে। জয় ছাড়া আমরা কিছু ভাবতে চাই না।
টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে এই পর্যন্ত দু’দল সাতবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত ৬ এবং পাকিস্তান একবার জিতেছে।








