টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৫ জুন) রাত ১টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
আরও শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল-১ আসনের জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
তিনি রাজনীতির পাশাপাশি মধুপুর ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।
বুধবার (৬ জুন) বিকেল তিনটায় মধুপুর রাণী ভবানী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার, মধুপুর উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খানসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে তাঁর নিজ বাড়ি কাইতকাই এলাকার পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।








