ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে অন্তত ১১ জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী।
রোববার (৩১ আগস্ট) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, হুতিরা জোরপূর্বক বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) ভবনে প্রবেশ করে অফিসের মালিকানা দাবি করে। পাশাপাশি, তারা রাজধানী সানায় জাতিসংঘের অন্যান্য কার্যালয়েও প্রবেশের চেষ্টা করেছে।
হামলার সময়সূচি নিয়ে ধারণা করা হচ্ছে, এর পেছনে বৃহস্পতিবার সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতি-শাসিত সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার প্রতিক্রিয়া থাকতে পারে।
জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ জানান, রাজধানী সানা ও বন্দরনগরী হোদেইদাহ- এ দুটি স্থানে আটক করা হয়েছে জাতিসংঘের মোট ১১ কর্মীকে। তারা ইউনিসেফ, ইউএনডিপি এবং শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (UNHCR) মতো বিভিন্ন সংস্থায় কর্মরত ছিলেন।
গ্রুন্ডবার্গ আরো জানান, বর্তমানে হুতিদের হাতে আগে থেকেই বন্দি রয়েছে আরো ২৩ জন জাতিসংঘ কর্মী।
সূত্র: রয়টার্স








