সব ধরনের ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। তবে এবার ক্রিকেটার হিসেবে নয়, কোচিং পেশায় নাম লেখালেন বাংলাদেশের এ ক্রিকেট কিংবদন্তী। আসন্ন এনসিএলেও বরিশাল বিভাগের হেড কোচ হিসেবে দেখা যাবে আশরাফুলকে। অবশ্য এর আগে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে কাজ করেছেন তিনি।
২০১০ সালে প্রথমবার আয়োজিত হওয়ার পর প্রায় ১৪ বছর বন্ধ ছিল এনসিএল টি-টোয়েন্টি। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৪ সালে আবারও মাঠে গড়ায় ঘরোয়া এ টুর্নামেন্ট। তবে এর ধারাবাহিকতা বজায় রাখতে গত আসরের চেয়ে এবার আরও বেশি জাঁকজমকপূর্ণভাবে এনসিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকটে বোর্ড (বিসিবি)।
জানা গেছে, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি। গতবারের মতো এবারও টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল।
এদিকে, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান সাংবাদিকদের জানান, বরিশাল দলকে নিয়ে আমরা সত্যিই ভাবছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের সেরা ক্রিকেটারদের একজন আশরাফুল। ওকে আমরা কোচ হিসেবে নিয়েছি। সে নিজেও আগ্রহ দেখিয়েছে। সে বলেছে, কোচ হতে চায়। যেহেতু সে বরিশালে দুই বছর খেলেছে, তাকে আমরা সেখানে কোচ হিসেবে নেয়ার পরিকল্পনা করেছি।








