ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল।
আজ শুক্রবার (১৩ জুন) ভোরে চালানো এ হামলায় ইরানি সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।
সূত্র : এএফপি।
টিভিতে প্রচারিত সংবাদে বলা হয়, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরি নিহত হয়েছেন।
এর আগে বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং খাতাম আল-আনবিয়া সদর দফতরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটি। পাশাপাশি, পৃথক হামলায় নিহত হয়েছেন দেশটির শীর্ষ দুই পরমাণু বিজ্ঞানী।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অব স্টাফ) মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ছিলেন ইরানি সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং তিনিই দ্বিতীয় গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তি, যিনি এ নজিরবিহীন ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন।
এর আগে একই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামির মৃত্যুর খবর নিশ্চিত করে একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
শুক্রবার ভোররাতে চালানো এ ইসরায়েলি আক্রমণকে বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো ধ্বংসে সবচেয়ে বড় আঘাত, যার জবাবে ইরানের পক্ষ থেকে জোরালো প্রতিক্রিয়া আসতে পারে বলে মনে করা হচ্ছে।
এ দুই শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ইরানের সামরিক কমান্ড কাঠামোতে বড় ধরনের ধাক্কা লাগতে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া ইসরায়েলের হামলায় রাজধানী তেহরানে অবস্থিত ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-এর সদর দফতরে আঘাত হানা হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ওই এলাকায় আগুন ও ধোঁয়ার ঘন কুণ্ডলী দেখা গেছে।








