ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাহেন্দ্র ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
আজ বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন জানান, মাদারীপুর থেকে ঢাকাগামী একটি বাস ও ভাঙ্গা থেকে টেকেরহাটগামী মাহেন্দ্রর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। নিহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভাঙ্গা ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সকাল সোয়া ৬টার দিকে সংঘর্ষের খবর পেয়ে সকাল ৭টার মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসটি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।








