পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানে। হামলা-পাল্টা হামলা চালাচ্ছে দু’দেশ। এমন পরিস্থিতে দুই দেশের নেতাদের উদ্দেশে শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, ‘উত্তেজনা কমিয়ে আনতে এবং বেসামরিক মানুষজন, বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিন। বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা লেখেন, ‘আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু।’
সীমান্তে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে প্রিয়জন হারানো বেসামরিক মানুষদের প্রতি সহানুভূতি জানান মালালা।
তিনি আরও লেখেন, এই ‘বিপজ্জনক সময়ে’ তিনি পাকিস্তানে তার বন্ধুবান্ধব, পরিবার এবং তার সঙ্গে কাজ করা সব সমর্থক, শিক্ষাবিদ ও মেয়েদের কথা ভাবছেন।
নোবেলজয়ী লেখেন, ‘আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ।’ তিনি লেখেন, ‘এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ আর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে।’








