শেরপুর জেলার নকলা উপজেলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় শিরিনা বেগম (৩৮) নামে এক মহিলা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চর বসন্তি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিরিনা বেগম নকলা উপজেলার রেহাই অষ্টধর গ্রামের সোহেল রানার স্ত্রী।
স্থানীয় বরাতে জানা যায়, শিরিনা বেগম তাঁর মেয়েকে নকলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি ফিরছিলেন। রাস্তায় হঠাৎ অটোরিকশার ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত তাঁকে স্থানীয় নকলা উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে আর তিনি বেঁচে নেই। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন– ‘আমাদের ফোর্সকে তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।’








