বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে ঘিরে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে, তাতে যেন ফাটল না ধরে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের কাছে সবচেয়ে জরুরি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই জাতীয় ঐক্যকে গণঐক্যে রূপান্তরিত করতে হবে। রাজনৈতিকভাবে আমরা যেন সাংস্কৃতিক চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, সব রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিল, তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বক্তব্য দিতে চাই। ফ্যাসিবাদের দোসররা যেন অনৈক্যের বীজ আমাদের ভেতরে বপন করতে না পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
বিএনপির এই নেতা আরো বলেন, আমাদের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন, আমরা এসেছি, কথা বলেছি। রাষ্ট্র পরিচালনায় আমাদের যা পরামর্শ দরকার সেটা আমরা দিয়েছি।








