আইনে বাধা না থাকলেও আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবেনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, স্বৈরাচারকে প্রতিহত করতে ছাত্র-জনতা প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত আছে।
দুপুরে রংপুরের কাউনিয়া ও পীরগাছায় জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আটজনের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাতের আগে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানের ৫ মাস পেরিয়ে গেলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অভ্যুত্থানে অংশ নেয়া তরুণ ও যুবকদের সমন্বয়ে পুলিশ বাহিনী সংস্কারেরও দাবি জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য। আখতার হোসেন বলেন, এখনও দেশে ফ্যাসিবাদী নীতি ও ব্যবস্থা বহাল রয়েছে। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।








