পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশ পেয়ে বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের নতুন শিক্ষকরা যোগদানের মাস থেকেই বেতন বা এমপিও পাবেন। স্কুল-কলেজের বিদ্যমান এমপিও নীতিমালার এ নির্দেশনা রয়েছে। তবে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের নতুন শিক্ষকদের সে সুযোগ নেই। মাদ্রাসা ও কারিগরির এমপিও নীতিমালায় এ বিধান সংযোজনের প্রস্তাব করা হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বেসরকারি স্কুল-কলেজের নতুন শিক্ষকরা যোগদানের পর এমপিওভুক্ত হতে দেরি হলেও যোগদান করার মাসের বেতন বকেয়া বাবদ পাবেন।
এর আগে চতুর্থ ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন স্কুল-কলেজে যোগদান করা শিক্ষকরা যোগদানের মাস থেকেই বেতন পেয়েছেন। যাদের এমপিওর আবেদন করতে কয়েকমাস সময় লেগেছিলো বকেয়ার আবেদন করে তারাও যোগদান থেকে বেতন পেয়েছিলেন। যদিও বেসরকারি স্কুল-কলেজের যোগদান থেকে বেতন পাওয়া ও মাদ্রাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সে সুযোগ না পাওয়াকে অনেকে বৈষম্য বলে পূর্ববর্তী সময়ে আখ্যায়িত করেছেন।








