যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান গত ২৪–২৫ মার্চ ওয়াশিংটন ডিসিতে দুই দিনের সরকারি সফরে রয়েছেন।
তিনি সেখানে অংশ নিয়েছেন ‘Fostering the Future Together: Global Coalition Summit’ সম্মেলনে, যা শিশুদের কল্যাণ এবং সম্ভাবনা উন্নয়নে আন্তর্জাতিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
বিশ্বের চল্লিশের বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা এতে অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে শিশুদের যত্ন, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, বাংলাদেশের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন। তিনি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানান।
প্রতিনিধিদলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিনিয়র চিকিৎসা কর্মকর্তা ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং নারী উদ্যোক্তা মেহনাজ মান্নান। এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম ও ডেপুটি চিফ অব মিশন ডি.এম. সালাহউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।








