স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত এবারের ঈদুল ফিতর মানুষের জন্য বিশেষ আনন্দ বয়ে এনেছে।
আজ শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
তিনি জানান, এমন একটি পরিবেশে ঈদ উদযাপন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় দেশের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া এবারের ঈদ কিছুটা বিষাদময় বলে উল্লেখ করেন তিনি।
এদিন সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মূল প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজে অংশ নেন এবং আশপাশের সড়কসহ মোট প্রায় এক লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।








