পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
ড. ইউনূস ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক, সিনিয়র সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই যমুনা প্রাঙ্গণে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের ভিড় দেখা যায়। সকাল সাড়ে ৮টা থেকে সাধারণ মানুষের জন্য যমুনার প্রবেশদ্বার খুলে দেওয়া হয়।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে এবং ভিড় ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকার দিকেও বিস্তৃত হয়। পুরো এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়।








