অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বর্তমান পরিবর্তিত ও গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ আগের তুলনায় ভিন্ন অনুভূতি নিয়ে এসেছে। তাঁর মতে, নির্বাচনের পর জনগণ অনেকাংশে তাদের প্রাপ্য মালিকানাবোধ ফিরে পেয়েছে, যা এই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
আজ শনিবার (২১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
তিনি আরও বলেন, ঈদ সবসময়ই আনন্দের উপলক্ষ, তবে এবারের আনন্দে একটি বাড়তি মাত্রা যোগ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশ এমন একটি পরিবেশে থাকবে যেখানে সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারবে, মত প্রকাশ করতে পারবে এবং নিজেদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে সক্ষম হবে।
এছাড়া তিনি মন্তব্য করেন, মানুষের যদি স্বাধীন ও মুক্ত পরিবেশ না থাকে, তাহলে ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব হয় না।








