সৌদি আরব জানিয়েছে, আজ সোমবার (১৬ মার্চ) ভোর থেকে এখন পর্যন্ত দেশের আকাশসীমায় প্রবেশ করা ৬০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক বিবৃতিতে জানায়, সোমবার ভোরে দেশের পূর্বাঞ্চলের আকাশসীমায় মোট ৬১টি ড্রোন শনাক্ত করা হয়। পরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে এসব ড্রোন প্রতিহত করে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে ড্রোনগুলো সফলভাবে ধ্বংস করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ইরানের হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও উল্লেখ করা হয়।
এই সংঘাতে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে সংঘর্ষে এক হাজারের বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।








