যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে তিন শর্ত দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ শর্ত দেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কথা হয়েছে।
পেজেশকিয়ান জানান, যুদ্ধ বন্ধ করতে চাইলে ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া ইরানের অধিকারগুলোকে স্বীকৃতি দিতে হবে। ইরানে ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসন চালাবে না, এমন আন্তর্জাতিক গ্যারান্টিও দিতে হবে।
এক্সে করা ওই পোস্টে ইরানি প্রেসিডেন্ট লিখেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হওয়া এই যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো—তেহরানে ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে। দিতে হবে যুদ্ধের ক্ষতিপূরণ। আর ভবিষ্যতে কোনো হামলা চালানো হবে না এমন আন্তর্জাতিক গ্যারান্টি দিতেও হবে।







