যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে যৌথ সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, হামলার শুরুতেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ এবং আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হন।
এর আগে ইসরায়েলি সূত্র দাবি করেছিল, এই হামলায় বিপ্লবী গার্ড প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি ইরানের গোয়েন্দা সংস্থার প্রধানও নিহত হয়েছেন। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
শনিবার সকালের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান–কেও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানা গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এক সূত্রের বরাতে দাবি করেছে, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।







