সরকার সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি এ বিষয়ে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থন পাওয়া দলের নির্বাচনি ইশতেহারকে জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতি হিসেবে ধরে পরিকল্পিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। সে অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নিজ নিজ খাতে সুনির্দিষ্ট স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করে বাস্তবায়ন কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে এ চিঠি পাঠানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কর্মপরিকল্পনা তৈরির বিষয়টি গুরুত্ব পায়।
নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি ও প্রস্তুত করা কর্মপরিকল্পনার সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে সংশ্লিষ্ট সচিব ও সিনিয়র সচিবদের অনুরোধ জানানো হয়েছে।







