অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে। এর মাধ্যমে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান গড়ে তুলতে হবে। সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি নিয়ে কাজ করছে। আগামী বাজেটেও কর্মসংস্থান প্রাধান্য পাবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিনিয়োগ না হলে দেশে কর্মসংস্থান হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এজন্য আমরা দেশি-বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছি। আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। এর জন্য যা যা দরকার- সেটা করা হবে।’
তিনি বলেন, ‘শিক্ষার মানোন্নয়নেও সরকার কাজ করছে। আমরা শিক্ষার পরিবর্তন ঘটাবো। আর স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের বিষয়ে নির্বাচনের আগে জাতির কাছে বিএনপি ওয়াদা করেছিল, সেটি পূরণ করা হবে।’







