নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখে পড়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ তার গাড়িবহর নিয়ে প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে বেলাল মাঝির নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপির একাংশের কর্মীরা একত্রিত হয়ে অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ শুরু করে। হামলার মুখে শুরুতে এনসিপি কর্মীরা পিছু হটলেও পরবর্তী সময়ে তারা সংগঠিত হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় এনসিপি নেতাকর্মীদের বহরে থাকা প্রায় ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন এনসিপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এনসিপির অন্তত ৫ জন নেতাকর্মীকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়।
এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে অবস্থান কর্মসূচি ছাড়বো না। এই বেলাল মাঝি ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা চালিয়েছিল।’
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’







