ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বৃহস্পতিবার। এই দিন ভোট দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া কেমন থাকতে পারে, তা নিয়ে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদেরা।
তাদের পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। কোথাও কোথাও ‘হালকা কুয়াশা’ থাকলেও বেলা বাড়ার পর ‘সারাদিন রোদ ঝলমলে পরিবেশ’ মেলার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
এছাড়া দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের এলাকায় তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকতে পারে। এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। তবে দেশের কোনো এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভোটের দিন বৃহস্পতিবার সারাদিন দেশের বেশিরভাগ স্থানে রোদ ঝলমলে পরিবেশ বিরাজ করবে।
তিনি বলেন, ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে, তবে বেলা ৯টা বাজার পর থেকে সেসব স্থানেও সূর্যের দেখা মিলবে বলে আশা করা যায়। তাই বলাই যাচ্ছে, ভোটের দিন রৌদ্রোজ্জ্বল সুন্দর আবহাওয়া থাকবে।
আরেক আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ভোটের দিন আবহাওয়া বেশ সহনীয় থাকতে পারে। শীতের সামান্য অনুভূতি থাকলেও তা আরামদায়ক হতে পারে। রোদ থাকবে। বৃষ্টির সম্ভাবনাও নেই। সব মিলিয়ে আবহাওয়া চমৎকার থাকবে।
আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েক দিন কুয়াশা পড়লেও সারা দেশে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। শীতও আর জেঁকে নাও বসতে পারে। মঙ্গলবার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাস থেকে এ তথ্য মিলেছে।
আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোটের দিন ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ওই দিন রাজধানীতে কুয়াশা থাকার সম্ভাবনা নেই। তবে বিভাগের নদী অববাহিকা অঞ্চলে সকালের দিকে কুয়াশা থাকতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না। অনুভূত তাপমাত্রা হতে পারে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উত্তরাংশে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানা গেছে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তিন বিভাগের কোনো স্থানেই বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসেও চলে যেতে পারে। এই বিভাগে সকালে দিকে কুয়াশা থাকলেও পরে তা কমে যেতে পারে।
ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ বিভাগের নদী অববাহিকায় থাকতে পারে কুয়াশা।
উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের জেলাগুলোয় শীতের তীব্রতা কিছুটা বেশি থাকতে পারে। এ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। ওই বিভাগের সর্বনিম্ন থাকতে পারে ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এখানে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা সকালের দিকে থাকলেও পরে তা কমে আসবে।
বরিশাল বিভাগ ও খুলনার দক্ষিণ অঞ্চলের সর্বনিম্ন ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
আরও পড়ুন
ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে
ফেব্রুয়ারি মাসের আবহাওয়া পূর্বাভাসে এক বা দুই দিন বজ্রবৃষ্টি বা শীলাসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। তবে বৃহস্পতিবার দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানালেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ।
মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।







