প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জানুয়ারি মাসের বেতন-ভাতা ছাড়ের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এর ফলে সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকেই পর্যায়ক্রমে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে বেতন-ভাতা জমা হতে শুরু করবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে জানা যায়, রোববার অথবা সোমবার জানুয়ারি মাসের বেতনের জিও জারি হতে পারে। সে অনুযায়ী রোববার জিও জারি হওয়ায় সোমবার থেকেই শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন।
প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে শিক্ষক-কর্মচারীদের বেতনের বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতনের অর্থ ছাড় দেওয়া হয়। চূড়ান্ত অনুমোদনের পর তা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।







