ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।
আজ এ সময় বিক্ষুব্ধদের প্রতিহত করতে লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়া জুমা ও শান্তাকে পুলিশ বুট দিয়ে আঘাত করার কথা জানিয়েছে সংগঠনটি।
জানা গেছে, আন্দোলনরত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্দোলন চলাকালীন পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে ওসমান হাদির সমর্থকরা। এতে পুলিশের কয়েকজন কর্মকর্তাও আহত হয়েছেন।
আহত বিক্ষোভকারীদের নিয়ে শাহবাগ মোড়ের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ঢোকার চেষ্টা করলে এতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বিক্ষুব্ধদের একটি দল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বাংলা মোটর সড়কে এবং আরেকটি দল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ সড়কে অবস্থান নিয়েছে।
পুলিশ সাউন্ড গ্রেনেড লাঠিচার্জ ও টিয়ারশেল মেরে বিক্ষোভকারীদের বাংলামোটরের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গেলে নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
এছাড়া, বাংলামোটর মোড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে একাধিকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়।














