গত বছরের অন্যতম আলোচিত ‘তাণ্ডব’ সিনেমার পর ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে এক অনন্য রূপে ফিরছেন সাবিলা নূর। তানিম নূর পরিচালিত এই সিনেমার শ্যুটিং ইতিমধ্যে শেষ করেছেন তিনি।
নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সাবিলার ‘বনলতা এক্সপ্রেস’।
‘বনলতা এক্সপ্রেস’ এ কাজ করা নিয়ে সাবিলা বলেন, ‘হুমায়ূন স্যারের উপন্যাস এবং তানিম নূরের পরিচালনার পাশাপাশি যখন উপন্যাসের ‘চিত্রা’ চরিত্রের প্রস্তাব পাই খুবই ভালো লেগেছিল। তানিম নূর যখন আমাকে গল্পটি সম্পর্কে বলে তখন আমার মনে হয়েছে এই প্রজেক্টে কাজ করা আমার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। শ্যুটিং করে মনে হয়েছে আমি সিদ্ধান্তটা ঠিক নিয়েছিলাম। ‘
মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, জাকিয়া বারি মম, শ্যামল মাওলা, আজমেরী হক বাঁধন এর মতো তারকাদের সাথে এ সিনেমায় কাজ করতে পেরে নিজেকে লাকি মনে করেন সাবিলা নূর।
শ্যুটিং প্রসঙ্গে সাবিলা জানান, ‘শ্যুটিং পুরোপুরি শেষ। প্রায় ২০দিনের মতো শ্যুটিং করেছি। এখনো ডাবিং বাকি। এই টিমের সঙ্গে প্রথমবার কাজ করলাম। তারা সবকিছু গুছিয়ে কাজ করেছেন। প্রতিদিন যেভাবে প্ল্যান ছিল, সেভাবে গুছিয়ে কাজ হয়েছে।’
শ্যুটিংয়ের শেষদিনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘বনলতা এক্সপ্রেস’র পুরো জার্নিটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এজন্য শ্যুটিংয়ের শেষদিন ইমোশনাল হয়ে কান্না করেছি। এটা আমার কাছে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।’
সবসময়ই ব্যবসায়িকভাবে সফল হয় এমন সিনেমা করতে চান সাবিলা নূর। শুধু তাই নয় যে চরিত্র সুন্দর অর্থ বহন করে যার সাথে মানুষ সংযোগ স্থাপন করতে পারবে এমন গল্পেই নিজেকে দেখতে চান এই অভিনেত্রী।














