আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করেছে জামায়াতে ইসলামী। আর সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্র পরিচালনায় শরিয়াহর প্রাধান্য রেখে পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতি চালু, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাসবাদমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, নারীদের সমঅধিকার নয় অগ্রাধিকার প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে ইশতেহারে।
এছাড়া ইশতেহারে রাষ্ট্র-সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙে দেয়া এবং সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের কথাও জানানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইশতেহারে উল্লেখিত সব দফা বাস্তবায়নের আশ্বাস দেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।














