ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে এবার বাগদান সম্পন্ন করেছেন তিনি। জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
রোববার (১৮ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি তার বাগদানের কথা জানান। আংটি বদলের ছবিও শেয়ার করেছেন ভক্তদের মাঝে।
পোস্টে বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন মধুমিতা। প্রকাশিত ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘শুধুই আমার’।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা; আবার মধুমিতার আঙুলেও আংটি পরিয়ে দেন দেবমাল্য। এরপর দুজনেই তারা তাদের হাতের ছবি দেখিয়ে পোজ দেন।
ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনাঅনুষ্ঠিত হবে। বিয়ের দিন দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন বলে জানা গেছে।
তবে অভিনেত্রী মধুমিতা সরকারের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর দীর্ঘ বিরতি শেষে বন্ধু দেবমাল্যর হাত ধরে নতুন জীবনে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।














