আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচনী লড়াইয়ে ফিরেছেন তাসনিম জারা।
আজ শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন ভবনেই এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে প্রতীকের বিষয়ে কথা বলেছেন তিনি।
গণমাধ্যমকে তাসনিম জারা বলেন, ‘নির্বাচন কমিশনে করা আপিল মঞ্জুর হয়েছে। আমার মনোনয়ন আবারও গ্রহণ করেছেন।’
মনোনয়ন বাতিলকে ‘ভিন্নরকম অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেন জারা বলেন, ‘দেশে-বিদেশে অনেকেই আমার পাশে দাঁড়িয়েছেন। কেউ দোয়া করেছেন, কেউ আবার হতাশা প্রকাশ করেছেন। সবার প্রতি কৃতজ্ঞা।’
সাবেক এই এনসিপি নেত্রী আরও বলেন, ‘জনসমর্থন নিয়েই নির্বাচনী মাঠে নামতে চাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার প্রতীকের জন্য আবেদন করব। আমার পছন্দের প্রতীক ফুটবল।’
এর আগে, আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত শুনানিতে তার করা আপিল মঞ্জুর করা হয়। এ সময় নির্বাচন কমিশন তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে গত সোমবার নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।














