দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তিনি মানেই রূপ, আত্মবিশ্বাস আর স্পষ্টভাষিতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজের প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
সেই আড্ডাতেই এক ভক্তের প্রশ্ন ছিল বেশ ব্যক্তিগত- ঋতাভরী কি সত্যিই বয়সে বড় ও পরিণত পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট? এমন প্রশ্নে বিরক্ত না হয়ে হাসিমুখেই জবাব দেন অভিনেত্রী। তিনি সোজাসাপ্টা জানান, বয়সে বড় পুরুষ পছন্দ করার বিষয়টি সম্পূর্ণ গুজব।
বর্তমানে বলিউডের খ্যাতনামা চিত্রনাট্যকার ও সংলাপ লেখক সুমিত আরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন ঋতাভরী। ‘জাওয়ান’, ‘স্ত্রী’, ‘ফ্যামিলি ম্যান’ ও ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর মতো জনপ্রিয় সব কাজের নেপথ্যে রয়েছে সুমিতের লেখনী। দীর্ঘদিনের সম্পর্কের পর এই জুটির বাগদানও সম্পন্ন হয়েছে।
এর আগে এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে ছিলেন ঋতাভরী। বিয়ের প্রস্তুতিও চলছিল, তবে ব্যক্তিগত কিছু কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়। পাশাপাশি একসময় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল।
ঋতাভরীর প্রেমের সম্পর্কগুলোতে বয়সের পার্থক্য থাকায় অনেকেই ধরে নিয়েছেন তিনি বয়সে বড় পুরুষদের প্রতিই আগ্রহী। তবে সাম্প্রতিক মন্তব্যে অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন- এ ধরনের ধারণার বাস্তব ভিত্তি নেই।














