আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে মঙ্গলবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে হওয়া ভার্চুয়াল বৈঠককে ঘিরে পরস্পরবিরোধী তথ্য সামনে এসেছে।
ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, মঙ্গলবারের ওই ভার্চুয়াল কলে আইসিসি বিসিবিকে জানিয়ে দেয়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধ তারা গ্রহণ করছে না। আইসিসির পক্ষ থেকে নাকি স্পষ্টভাবে বলা হয়েছে, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই আসতে হবে, অন্যথায় ম্যাচ না খেললে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।
তবে বিসিবি দাবি করেছে, আইসিসির পক্ষ থেকে তাদের কাছে এমন কোনো আল্টিমেটাম দেওয়া হয়নি।
এখন পর্যন্ত মঙ্গলবারের বৈঠকের ফলাফল নিয়ে আইসিসি, বিসিবি বা বিসিসিআই কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। রোববার বিসিবি আইসিসির কাছে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত বাইরে সরানোর বিষয়টি ‘বিবেচনা’ করার অনুরোধ জানানোয়, আইসিসিই এই বৈঠকের আয়োজন করেছিল।














