গতকাল ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপরে হামলা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এই হামলা বিচ্ছিন্ন কোনও ঘটন নয়। যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা চালিয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এটা বিচ্ছিন্ন কোনও ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে ১০ তারিখ, তারপর দিনই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর ওপরে হামলা হলো। আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব। সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না, যাতে আমাদের ঐক্য বিনষ্ট হয়।’
তিনি আরও বলেন, ‘যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা চালিয়েছে। আমাদের চেতনা হচ্ছে জুলাই-২০২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা। প্রত্যাশা, জনআকাঙ্ক্ষা এইটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব। জাতীয় ঐক্য হিসেবে আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে অুটট রাখব। এই জায়গায় আমাদের কোনও আপস নেই।’
বিএনপির এই নেতা বলেন, ‘পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনও ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না। প্রতিহত করতে পারবে না।’














