ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি উঠেছে।
দৈনিক আমার দেশ–এর কাছে আসা বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, ওই ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছেন। তবে সংবাদমাধ্যমটি তার পরিচয় প্রকাশ করেনি।
এদিকে আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ (ছদ্মনাম দাউদ বিন ফয়সাল)। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। সায়েরের দাবি অনুযায়ী, ফয়সাল করিম মাসুদ সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী।
আরেকটি পোস্টে জুলকারনাইন সায়ের উল্লেখ করেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের একজন হিসেবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ২০২৪ সালের ৮ নভেম্বর ঢাকার আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয় বলে জানান তিনি। সায়ের প্রশ্ন তোলেন, এমন একজন ব্যক্তি কীভাবে জামিনে মুক্তি পেলেন।
আমার দেশ–এর হাতে থাকা ছবিগুলোর একটি চলতি মাসের ৯ তারিখে ইনকিলাব কালচারাল সেন্টারে তোলা। ছবিতে দেখা যায়, যাকে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত করা হচ্ছে, তিনি সেদিন হাদির পাশেই বসে ছিলেন এবং তারা একসঙ্গেই সেখানে উপস্থিত হন।














