সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পরই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনের সাবেক নেতারা। দাবি মানা না হলে মাঠে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুর্নীতিবিরোধী দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাম্মদ রাকিব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, ‘ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও জনাব মাহফুজ আলম পদত্যাগ করার সাথে সাথে দুদক যেন তদন্ত করে। না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠের কর্মসূচি দিবো।’
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন দলটির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক মুহাম্মদ রাকিব ও আরিফ তালুকদার। পদত্যাগের সময় সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, দলটির সকল অনিয়ম ও দুর্নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত দুই ছাত্র উপদেষ্টা। মন্ত্রিপাড়ায় বসে এই দুই উপদেষ্টা এনসিপির কার্যক্রম নিয়ন্ত্রণ করেন বলেও অভিযোগ করেন তারা।














