সংগীতশিল্পী আসিফ আকবর এবং চলচ্চিত্র অভিনেতা ওমর সানীর মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। আসিফ আকবরের ‘নারীশাসিত পুরুষ’ মন্তব্যের পর, ওমর সানী তাকে কঠোর ভাষায় শাসিয়ে বলেন, ‘সাহস থাকলে সামনে এসে কথা বল!’
এ বিতর্কের সূত্রপাত ঘটে গত নভেম্বরে, যখন আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে যোগ দেন। যোগদানের পর, ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি তীব্র সমালোচনার শিকার হন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আসিফের সমালোচনা করেন ওমর সানী, যেখানে তিনি বলেন, ‘সব দোষ চেয়ারের।’
প্রায় এক মাস পর, আসিফ আকবর তার সমালোচনার জবাব দিতে গিয়ে ওমর সানীকে ‘নারীশাসিত পুরুষ’ বলে আক্রমণ করেন। তিনি বলেন, “উনি (ওমর সানী) আসলে সহজ-সরল মানুষ, নিজের সংসারও ঠিকভাবে চালাতে পারছেন না।” পাশাপাশি, তিনি সানীর জীবন এবং চরিত্র নিয়ে উষ্মা প্রকাশ করে বলেন, “এ ধরনের ক্লিব লিঙ্গের মতো মানুষকে নিয়ে কথা না বলাই ভালো।” তবে, তিনি সানীকে ভালোবাসাও প্রকাশ করেন।
এ মন্তব্যের পরপরই ওমর সানী ক্ষোভ প্রকাশ করে আসিফকে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, “তুই মৌসুমীকে গিয়ে জিজ্ঞেস কর, আমার অবস্থান কোথায়? তোর ব্যক্তিজীবন নিয়ে কথা বলার দরকার নেই। সাহস থাকলে আমার সামনে এসে কথা বল!” সানী আরও বলেন, “তোর কোনো ব্যক্তিত্ব আছে? আমার আর মৌসুমীর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি?”
এদিকে, ওমর সানী আসিফকে এক পরামর্শও দেন। তিনি বলেন, “আল্লাহ সম্মান দিয়েছে, বয়স হইছে, ভালো হয়ে যা। তোর ব্যক্তিজীবন নিয়ে কথা বলবি না। এগুলো ভালো না।”
এ বিতর্কে, দুই তারকার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। এখনো সময় আছে, তারা কি নিজেদের মতামত নিয়ে শান্তিপূর্ণভাবে আলোচনা করবেন, নাকি বাকযুদ্ধ চলতেই থাকবে, তা সময়ই বলবে।














