বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি জানতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার খোঁজ নেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য হাসপাতালে গিয়েছিলেন। একই রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে উপস্থিত হয়ে সাবেক প্রধানমন্ত্রীর খোঁজখবর নেন।
বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের মতো জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর তিনি কারাগার থেকে মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন।
নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে কয়েকবার হাসপাতালে নেওয়ার পর সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, এরপর থেকে সাবেক প্রধানমন্ত্রী সংকটাপন্ন অবস্থায় আছেন।








